উত্তরায় জাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
জাবি প্রতিনিধি
রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাবিত মাহমুদ শাওন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে সহপাঠীদের সূত্রে জানা গেছে।
শাওনের বন্ধু আসিফ আবির জানান, সাবিত উত্তরার একটি ভাড়া বাসায় থাকতেন। সকালে বাসার কাজের সহকারী ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বাড়ির মালিকসহ অন্যদের জানানো হলে তুরাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
একই বিভাগের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অস্বাভাবিক পোস্টও করেছিলেন। রাত ৩টা থেকে ৪টার মধ্যে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বন্ধুমহলের মাধ্যমে জানা গেছে, তার দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনাও ঘটেছিল, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে।
এ বিষয়ে তুরাগ থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ইখলাস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত করা যাবে।
