ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারী আটক
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারে পাচারকালে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। নজরদারি ফাঁকি দিতে অবৈধভাবে মাছ ধরার ট্রলারে জ্বালানি পাচার করছিল চক্রটি।
শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ৬টায় চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে একটি বোট থেকে ছয় লাখ ২৪ হাজার টাকার ছয় হাজার লিটার ডিজেল ও ছয়টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ড পাচারকাজে ব্যবহৃত বোট ও নগদ ১৫ হাজার ৮৯৬ টাকাসহ ১২ জন পাচারকারীকে আটক করে। আটকদের মধ্যে চারজন বাঙালি ও আটজন রোহিঙ্গা।
সুজন আরও জানান, জব্দ করা ডিজেল, গ্যাস সিলিন্ডার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। পাচারকারীরা ওই ট্রলার ব্যবহার করে আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।
