চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত ৪
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
আহতরা হলেন- মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। এদের মধ্যে ফাহিমের বয়স ১২ বছর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে স্থানীয় মোরশেদ খানের একদল অনুসারী প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা ছররা গুলিও ছোড়ে। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হন। তারা পথচারী বলে জানা গেছে।
বাকলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর জানান, মিয়া খান নগরে হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িত অপর সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
