নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পালিত

শুভ সরকার,নড়াইল থেকে
বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করলো নড়াইল বাসী। পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান ম চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ শুরু হয়। পরে সকাল ৯ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

পরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ঢাক, ডোল, কাসর বাজিয়ে বিভিন্ন প্লাকার্ডে সজ্জ্বিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতেও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রা, হাড়িভাঙ্গা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক শরফুল আলম লিটুু, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, ষ্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শ্বাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা হামিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলূ,জেলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক অ্যাডঃ কাজী বশিরুল হকসহ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাড়িভাঙ্গা,চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, লাঠিখেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights