চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১৭ শিশু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নগরের ১৫ জন ও উপজেলার দুইজন।
রবিবার বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার নতুন করে দুইজন হাম রোগী শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রামে মোট ১৪ জন হাম রোগী শনাক্ত করা হয়।
ইতোমধ্যে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে মোট ৯৫ জন শিশু ভর্তি করা হয়। রবিবার নতুন করে ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে মোট ২২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে নতুন করে আরও ২ জন হামের রোগী শনাক্ত করা হয়। ইতোমধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে।
