‘মাঠেই ঘুমিয়ে পড়ব’—টানা ম্যাচ নিয়ে টার্নারের রসিকতা

অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১-এ দারুণ ছন্দে রয়েছে মুলতান সুলতানস। রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক অ্যাশটন টার্নারের মন্তব্যে ফুটে উঠেছে ক্লান্তির মাঝেও স্বস্তি আর আত্মবিশ্বাস।

রবিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর মুলতানের পরবর্তী ম্যাচ নিয়েই ছিল প্রশ্ন, আজ সোমবার একই ভেন্যুতে রাওয়ালপিন্ডি কিংসের বিপক্ষে আবার মাঠে নামতে হবে সুলতানসকে, অর্থাৎ টানা দুই ম্যাচ। জবাবে হালকা রসিকতা করে টার্নার বলেন, “হয়ত কোথাও একটা কম্বল আর বালিশ খুঁজে নিয়ে এখানেই ঘুমিয়ে পড়ব—সময়টা খুবই কম।”

জয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, “আগের দুই ম্যাচের তুলনায় পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। তিন বিভাগেই আমরা ভালো করেছি, যা সন্তোষজনক। আমি হয়ত প্রথম ওভারটাই করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা ওপেনিংয়ে দুই বাঁহাতি ব্যাটসম্যান আশা করেছিলাম। তাদের কৃতিত্ব দিতে হবে, তারা সেটা বদলে দিয়েছে।”

পাওয়ারপ্লেতে স্পিন বোলিংয়ের ব্যবহার নিয়ে টার্নার বলেন, “আমরা মনে করি পাওয়ারপ্লেতে স্পিন যথেষ্ট ব্যবহার করতে পারিনি। যদি কন্ডিশন অনুকূলে থাকে, এটা ভালো একটি অপশন। আমাদের দলে অস্ট্রেলিয়ানরা আছে, সেটা সহায়ক, তবে আরও গুরুত্বপূর্ণ হলো, আমাদের দলে ভালো মানুষ আছে; স্থানীয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। সবাই হাসিমুখে খেলছে।”

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তটি সঠিক প্রমাণিত হয় টার্নারের জন্য। স্পিননির্ভর আক্রমণে কোয়েটাকে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রানে আটকে রাখে মুলতান। গ্ল্যাডিয়েটর্সের হয়ে সাউদ শাকিল ৪১ বলে ৫৬ রান করেন। বেভন জ্যাকবস ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।

মুলতানের হয়ে মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। আরাফাত মিনহাস ২টি এবং টার্নার ১টি উইকেট শিকার করেন।

জবাবে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখে এবং ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মুলতান। স্টিভ স্মিথ ৩৫ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শান মাসুদ ৩০ বলে অপরাজিত ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করেন।

গ্ল্যাডিয়েটর্সের হয়ে হাসান নওয়াজ ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া আলজারি জোসেফ ও সৌদ শাকিল একটি করে উইকেট পান।

এই জয়ে চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুলতান সুলতানস। করাচি কিংসের সমান ৬ পয়েন্ট থাকলেও উন্নত নেট রান রেটে এগিয়ে রয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights