ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বর্তমানে জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রয়েছে এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেওয়া হয়। তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ‘কী ওষুধ লিখে দিয়েছেন, বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না’ এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকেন। এক পর্যায়ে ডাক্তারের ওপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর বাড়তে থাকে উত্তেজনা। কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights