অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চান সুয়ারেজ

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে খেলতে প্রয়োজনে অবসর ভেঙে উরুগুয়ে দলে ফিরতে চান লুইস সুয়ারেজ। তিনি জোর দিয়ে বলেন, তিনি কখনোই নিজের দেশকে না বলবেন না।

৩৯ বছর বয়সী সুয়ারেজ উরুগুয়ের সংবাদমাধ্যম দিয়েরিও ওভাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জাতীয় দল তো সব সময়ই এমন কিছু, যেটা আপনি চান। এটা নিয়ে আপনি আজই ভাবতে শুরু করতে পারেন। এটা আপনার মনে খেলা করতেই পারে। যেহেতু বিশ্বকাপ খুব বেশি দেরি নেই। যদি আপনাকে প্রয়োজন পড়ে, কী করবেন? আমি কখনোই আমার দেশকে না বলব না।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য এবং মনে হয়েছিল, আমি আর দলকে আগের মতো সাহায্য করতে পারছি না। কিন্তু যদি তারা আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই না বলব না—যতদিন আমি খেলছি, ততদিন এই দরজা খোলা।’

সুয়ারেজ ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন। ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে তিনি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তিনি আরও বলেন, ফুটবলের প্রতি সেই আগ্রহ ও স্বপ্ন সব সময়ই থাকে। তবে জাতীয় দল ছাড়ার পর সেই আগুনটা কিছুটা কমে গেছে।

বর্তমানে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে খেলছেন সুয়ারেজ। শনিবার অস্টিন এফসির বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে গোলও করেছেন। ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো তার প্রশংসা করে বলেন, ‘আমার মনে হয় লুইসকে দুর্দান্ত মনে হচ্ছে। ড্র করা ম্যাচে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights