নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিপু ভূইয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে জাতীয় সংসদে উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের চেম্বার ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ জানান।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জবাসীর প্রাপ্য ছিলো, এটি জনগণের বিজয়।নারায়ণগঞ্জবাসী সকলে একসঙ্গে মিলে বিজয় অর্জন করেছেন। রাজউক থেকে আলাদা হয়ে এখানকার মানুষ সম্মানের জায়গায় চলে আসছে। এজন্য প্রধানমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এই সংসদ সদস্য আরও বলেন, ব্যবসায়ী নেতারা আমাকে সহযোগিতা করেছেন। সকলে মিলে আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবো। রাজউক অনেক বড় সংস্থা। তারা অনেক ভালো কাজ করেছেন। কিন্তু নারায়ণগঞ্জ রাজউকের অধীনে থাকলে যে পরিমাণ জনবল প্রয়োজন, তা ছিলো না। নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ হওয়াতে রাজউকের থেকে আমরা আরও বেশি সহযোগিতা পাবো।

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জবাসী অবহেলিত। সরকারি জমিগুলো উদ্ধার করে খেলার মাঠ এবং রাস্তা দখল করে পরিকল্পনা ছাড় বাড়ি নির্মাণ করা হয়েছে। পরিকল্পনার মাধ্যমে বাড়িগুলো যেন সুন্দরভাবে হয় এটা নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ চেষ্টা করবে। হাউজিং কমপ্লেক্স করছে। এসকল কমপ্লেক্সগুলো যখন অনুমোদ দেওয়া হয় তখন নাগরিক সুবিধার জন্য তাদের বিভিন্ন শর্ত দেওয়া হয়। কিন্তু এ সকল শর্ত তারা মানে না। তারা কৃষিজমি দখল করে ফেলছে। নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ থাকলে আমরা এসকল বিষয় থেকে মুক্ত থাকবো।

সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন উন্নয়নের কার্যক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরির জেলায় রুপান্তর করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয় সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি আবু জাফর ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights