অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘এখনো শেষ হয়ে যায়নি’।

শনিবার সন্ধ্যায় হিব্রু ভাষায় দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, এই অভিযানের সমাপ্তি এখনই ঘটছে না, তবে এরই মধ্যে ইসরায়েল ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। প্রায় ১৩ মিনিটের দীর্ঘ এই ভাষণে তিনি দাবি করেন, ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করেছে এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হয় আলোচনার মাধ্যমে সরিয়ে নেওয়া হবে, না হলে অন্য কোনো উপায়ে ব্যবস্থা নেবে ইসরায়েল।

নেতানিয়াহু তার ভাষণে আরও দাবি করেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী এখন অত্যন্ত দুর্বল এবং তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধবিরতির জন্য একপ্রকার ‘ভিক্ষা’ করছে।

তবে তার এমন দাবি সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে হওয়া বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, দেশটির অধিকাংশ সাধারণ মানুষ বিশ্বাস করেন না যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়েও সবুজ সংকেত দিয়েছেন নেতানিয়াহু। আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে লেবাননের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দীর্ঘস্থায়ী শান্তিচুক্তির শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

মূলত অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখার উদ্দেশ্যেই নেতানিয়াহু এই কঠোর বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights