কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় লিন্ডা স্কট নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। গত সোমবার সকালে ক্রাউন হাইটস এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।

ঘটনার একটি শিউরে ওঠা ভিডিওচিত্রে দেখা যায়, লিন্ডা স্কট যখন বাড়ির সামনের রাস্তায় ওই নারীদের তাদের কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে অনুরোধ করেন, তখন তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লাল পোশাক পরা এক তরুণী বৃদ্ধাকে লক্ষ্য করে উপর্যুপরি ঘুষি চালাতে থাকেন এবং তাকে মাটিতে ফেলে দিয়ে মাথায় লাথি মারেন।

এই ভয়াবহ হামলা তখনই থামে যখন প্রতিবেশী ৩৭ বছর বয়সী নৌবাহিনীর সাবেক সদস্য মিস্টার বারনেট সেখানে এসে হস্তক্ষেপ করেন। জিম থেকে ফিরে গাড়ি পার্ক করার সময় জটলা দেখে তিনি দ্রুত এগিয়ে আসেন এবং আক্রমণকারী তরুণীকে বৃদ্ধার ওপর থেকে সরিয়ে দেন।

বারনেট জানান, বৃদ্ধা যন্ত্রণায় চিৎকার করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। লিন্ডা স্কটকে আহত অবস্থায় ওয়ান ব্রুকলিন হেলথ-ইন্টারফেইথ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

লিন্ডা স্থানীয় গণমাধ্যমকে জানান, কোনো বয়স্ক মানুষের সঙ্গে এমন আচরণ করা একেবারেই অনুচিত।

অন্যদিকে অভিযুক্ত নারীদের দাবি, ওই বৃদ্ধা তাদের কুকুরের দিকে অ্যামোনিয়া ছুড়ে মেরেছিলেন। তবে লিন্ডার ছেলে ম্যাথিউ স্কট জানান, তার মা কেবল পশুর বিষ্ঠার দুর্গন্ধ এড়াতে বাড়ির পাশের খালি জায়গায় অ্যামোনিয়া ছিটিয়েছিলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়।

এই ঘটনার পর লিন্ডাকে রক্ষাকারী প্রতিবেশী বারনেটকে হিরো হিসেবে অভিহিত করা হলেও তিনি বিনয়ের সঙ্গে জানান, এটি কোনো বীরত্ব নয় বরং একজন প্রতিবেশী হিসেবে অন্য মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব ছিল।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই তরুণী এখনো পলাতক এবং তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights