কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব

কানাডা প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার ঈদ পুনর্মিলনী, পিঠা উৎসব ও বৈশাখী মেলা।

কানাডার স্থানীয় সময় শনিবার দিনব্যাপী এই আয়োজনে ছিল সংগঠনের বার্ষিক সাধারণ সভা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও খাবারের পসরা, ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান।

তুষারাবৃত কানাডার কর্মব্যস্ত ও একঘেঁয়ে জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন এক ভিন্নধর্মী মিলনমেলায়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলীজা পারভীন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোনিয়া আহমেদ।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। রঙিন ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করেন পাটিসাপটা, ভাপা পিঠা, গোলাপ পিঠা, নকশি পিঠা, পাকোয়ান পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা।

বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় রূপে বাঙালিয়ানায় সাজানো হয়েছিল পুরো কমিউনিটি সেন্টার। নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পদচারণায় পুরো এলাকা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights