ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঢাকায় আন্তর্জাতিক মানের আধুনিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, রাজধানীতে বিপুল জনসংখ্যার কারণে প্রতি বছর ডিএনএ পরীক্ষার চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে বিদ্যমান ডিএনএ স্ক্রিনিং ল্যাবগুলোকে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।

রবিবার (১২ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতির বেশিরভাগই ১৫ বছরের বেশি পুরোনো, ফলে এর কার্যকারিতা কমে গেছে। নমুনা বিশ্লেষণের গুণগত মান ও নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন জরুরি। একই সঙ্গে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় দেশের সব ডিএনএ নমুনার তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাব প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাব স্থাপন করা হয়েছে।

সভায় ডিএনএ ল্যাব আধুনিকায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডাটাবেজ তৈরি, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন এবং পরীক্ষার ফি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারী, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ডিএনএ ল্যাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights