স্বেচ্ছায় মালয়েশিয়া ছেড়েছে ২ লাখ ৪ হাজার প্রবাসী, দ্বিতীয় স্থানে বাংলদেশ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে চালু হওয়া ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’-তে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারেরও বেশি বিদেশি নাগরিক নিবন্ধন করেছেন।

আজ বুধবার দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এই তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, গত বছরের ১৯ মে থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন অভিবাসী সফলভাবে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এই প্রক্রিয়া থেকে মালয়েশিয়া সরকার ফি বাবদ প্রায় ১১ কোটি ৪৫ লাখ রিঙ্গিত রাজস্ব আদায় করেছে। এবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিকরা।

জাকারিয়া শাবান আরও উল্লেখ করেন যে, এই কর্মসূচির নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির ইতিবাচক সাড়াকে বিবেচনা করে এই সময়সীমা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি মূলত একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা কর্মসূচি, যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা কোনো ধরনের আইনি বিচার বা শাস্তির মুখোমুখি না হয়েই নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে যারা পূর্ববর্তী প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেও দেশত্যাগ করেননি অথবা যারা ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় ওয়ান্টেড হিসেবে রয়েছেন, তারা এই কর্মসূচির সুবিধা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights