মার্কিন স্থল বাহিনীর অভিযানের ব্যর্থতার কথা জানাল ইরান
অনলাইন ডেস্ক
চলতি মাসের শুরুতে ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানের কাছে একটি স্থল অভিযানের চেষ্টাকালে মার্কিন বাহিনী বড় ধরনের পরাজয় বরণ করেছে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি বলেন, ইরানি সেনারা একটি সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়ে অভিযানটি ব্যর্থ করে দেয় এবং মার্কিন সেনাদের পিছু হটতে বাধ্য করে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেওয়া এক মন্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র ইসফাহানে মার্কিন অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
মুখপাত্র দক্ষিণ ইসফাহানে মার্কিন অনুপ্রবেশ প্রতিরোধের অভিযানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, এই অভিযানে অংশগ্রহণকারী আর্মি গ্রাউন্ড ফোর্সেস এয়ার ডিফেন্স ফ্যাকাল্টির প্রশিক্ষক ও কমান্ডার জেনারেল মাসুদ জারেসহ চারজন সেনা সদস্য শহীদ হয়েছেন।
তিনি আরও বলেন, ইরানি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি একটি আদেশ জারি করেছেন, যেখানে জোর দিয়ে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে যেকোনো স্থল আগ্রাসনের কঠোর জবাব দিতে হবে এবং একজন আগ্রাসনকারীকেও বাঁচতে দেওয়া যাবে না।
মুখপাত্র জানান, গত ৫ এপ্রিল একটি মার্কিন বাহিনী অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল, এরপর জেনারেল জারে’ এবং তার সঙ্গীদের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, তারা সাহসিকতার সঙ্গে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি মার্কিন লকহিড সি-১৩০ হারকিউলিস বিমানকে লক্ষ্যবস্তু বানায়, যার ফলে মার্কিন অভিযানটি থেমে ব্যর্থ হয় এবং মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
আকরামিনিয়া জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং এই যুদ্ধবিরতি যুদ্ধকালীন পরিস্থিতিতেও তাদের প্রস্তুতি বজায় রয়েছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
