যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই কঠোর অবস্থান জানিয়েছে হিজবুল্লাহ। তারা বলেছে, যতদিন লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনী থাকবে, ততদিন প্রতিরোধ চালিয়ে যাওয়ার অধিকার তাদের থাকবে।

হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি এমন হতে পারে না যেখানে ইসরায়েলি বাহিনী লেবাননে অবাধে চলাচল করতে পারে। এমন শর্ত গ্রহণযোগ্য নয় যা পরিস্থিতিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়।

সংগঠনটির দাবি, লেবাননের ভূখণ্ডে বিদেশি সেনা থাকা অবস্থায় দেশটির জনগণের প্রতিরোধের অধিকার রয়েছে। অর্থাৎ দখলদার বাহিনী না সরা পর্যন্ত সব ধরনের উপায়ে প্রতিরোধ চালিয়ে যাওয়া বৈধ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত হয়েছে। তবে এই ঘোষণায় হিজবুল্লাহর নাম উল্লেখ করা হয়নি।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের জাহরানি অঞ্চলের গাজিয়েহ শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। অনেকেই আহত হয়েছেন এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে। উদ্ধারকাজ এখনো চলছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights