স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে পুরুষ ব্যবহারকারী ৫৬ দশমিক ৬, নারী ৫০ দশমিক ২ শতাংশ। এ ছাড়া প্রায় ৭৩ শতাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। বিভাগীয় হিসাবে স্মার্টফোন ব্যবহারে ঢাকার চেয়ে এগিয়ে চট্টগ্রাম। এ বিভাগের ৮৬ শতাংশ পরিবারে স্মার্টফোন আছে, অন্যদিকে ঢাকা বিভাগে এ হার ৮২ শতাংশ। তবে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। ব্যক্তিপর্যায়ে ঢাকায় এ হার ৬৬, চট্টগ্রামে ৬৫ শতাংশ। জাতীয় পর্যায়ে দেশের ৫৫ শতাংশ পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক’ জরিপে এসব তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। জরিপের ফলাফল তুলে ধরেন জরিপ প্রকল্পের পরিচালক সৈয়দা মারুফা শাকি।

জরিপের তথ্য অনুযায়ী, জেলা বিবেচনায় ফেনীতে স্মার্টফোনধারী পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর আছে যথাক্রমে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, শেরপুর, ঝালকাঠি, কুড়িগ্রাম ও পঞ্চগড়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ইন্টারনেট প্রবেশাধিকার ও প্রযুক্তি ব্যবহারে অঞ্চলভেদে বড় পার্থক্য রয়েছে। ঢাকায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ সবচেয়ে বেশি হলেও পঞ্চগড়ে সর্বনিম্ন। একইভাবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও ঢাকার পরিবারগুলো এগিয়ে থাকলেও সবচেয়ে পিছিয়ে ঠাকুরগাঁও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights