আঙুল ট্রিগারেই আছে, যুক্তরাষ্ট্রকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনও কমেনি। উল্টো খুব শিগগিরই আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মাঝেই যেকোনো ধরনের বিদেশি হুমকি ও আগ্রাসন মোকাবিলায় ইরান পূর্ণ সামরিক প্রস্তুতি বজায় রেখেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। ইরানের জাতীয় ‘সেনা দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই হুঙ্কার দেন।

সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশিত পথে এবং দেশীয় প্রযুক্তি ও আধুনিক সমরাস্ত্রের ওপর নির্ভর করে ইরানি সেনাবাহিনী বর্তমানে যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি রক্ষায় সেনাবাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার দাঁতভাঙা জবাব দিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ‘আঙুল ট্রিগারে’ প্রস্তুত আছে বলে তিনি মন্তব্য করেন।

মেজর জেনারেল হাতামি আরও আশ্বাস দেন যে, ইসলামি বিপ্লবের আদর্শ সমুন্নত রাখতে এবং জনগণের সেবায় সেনাবাহিনী অতীতের মতোই অটল থাকবে। বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তারা সম্মানের সাথে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। দেশের অখণ্ডতা রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights