রাজধানীর বাইকারদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক
রাজধানীর মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি নেওয়ার প্রক্রিয়ায় আসছে স্বস্তি। পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফুয়েল পাস’ কার্যক্রম এবার ঢাকার আরও ১৮টি ফিলিং স্টেশনে সম্প্রসারণ করেছে সরকার।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে পাম্পে জ্বালানি নিতে বাইকারদের ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে।

নতুন করে যেসব ফিলিং স্টেশনে এই কার্যক্রম চালু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর ১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর ১০ এর রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর রশিদ ফিলিং স্টেশন, বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন, কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।

এর আগে গত ১৩ এপ্রিল রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এসব পাম্পের মধ্যে ছিল তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা, তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

জ্বালানি বিভাগ জানায়, কিউআর কোড ভিত্তিক এই অ্যাপটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এটি চালু করা হলেও সফল হলে পর্যায়ক্রমে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার পাশাপাশি পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights