৩১ লাখ আসন-১২ হাজার ফ্লাইট: হজ যাত্রীদের জন্য সৌদির বিশাল আয়োজন
অনলাইন ডেস্ক
১৪৪৭ হিজরির পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে লাখো হজযাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশাল পরিবহন পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি আরব।
দেশটির পরিবহন মন্ত্রণালয় আকাশ, সড়ক, রেল ও সমুদ্রপথের সব নেটওয়ার্ককে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দিয়েছে। এই সমন্বিত উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের জনশ সহজ ও নিরাপদ হজ যাত্রা নিশ্চিত করা।
আকাশপথে যাতায়াতের সুবিধার্থে কর্তৃপক্ষ এবারের হজে মোট ৩.১ মিলিয়নেরও বেশি আসন বরাদ্দ করেছে। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনে ১২ হাজারেরও বেশি নিয়মিত ও চার্টার্ড ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। সৌদি আরবের ছয়টি প্রধান বিমানবন্দরকে হজ ফ্লাইটের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যেখানে প্রায় ২২ হাজার অভিজ্ঞ কর্মী সেবায় নিয়োজিত থাকবেন।
এ বছর যাত্রীদের সুবিধার্থে ‘ব্যাগেজ-মুক্ত ভ্রমণ’ সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে হাজিদের মালামাল সরাসরি তাদের থাকার জায়গায় পৌঁছে দেওয়া হবে। এছাড়া জমজম কূপের পানি আগেভাগেই শিপমেন্ট করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’ একাই ১০ লাখের বেশি আসন নিশ্চিত করেছে এবং ‘ফ্লাইনাস’ বিশ্বের ২০টি আন্তর্জাতিক গন্তব্য থেকে প্রায় দেড় লাখ যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে।
পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াতে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৌদি আরবের উন্নত রেল ব্যবস্থা। ‘মাশায়ের ট্রেন’ মিনা, মুজদালিফা ও আরাফাতের মধ্যে দুই হাজারেরও বেশি ট্রিপ সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে, যা প্রায় ২০ লাখ যাত্রী বহন করবে। পাশাপাশি হারামাইন হাই-স্পিড রেলওয়ে মক্কা ও মদিনার মধ্যে ৫ হাজার ৩০৮টি যাত্রার আয়োজন করেছে, যার আসন সক্ষমতা ২.২ মিলিয়নেরও বেশি।
সড়কপথের নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষ ব্যাপক সংস্কার কাজ চালিয়েছে। ৫৬ মিলিয়ন কিউবিক মিটারের বেশি বালুর স্তূপ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং ১ লাখ ৭৮ হাজার লাইটিং ইউনিট ও ৪ হাজারেরও বেশি নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
যাতায়াত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৩৩ হাজার বাস ও ৫ হাজার ট্যাক্সির একটি বিশাল বহর নামানো হয়েছে। এছাড়া জেদ্দা ইসলামিক পোর্টে সমুদ্রপথে আসা হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টারের পক্ষ থেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ও দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ
