ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড়

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ‎গত ৩০ মার্চ ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়। এবার ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও ১৭১ জন খেলোয়াড়। এর ফলে সরকারের এই বিশেষ সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়ের সংখ্যা ৩০০ জন হলো।

রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭১ জন খেলোয়াড়কে এক লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন। এ ছাড়া প্রথমবারের মতো গঠিত হওয়া জাতীয় নারী হকি দলও ভাতার আওতায় এসেছে। ‎এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী হকি দল।

শুধু জাতীয় দলই নয়, আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা তরুণ প্রতিভাদেরও মূল্যায়ন করছে সরকার। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে সোনাজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকে ক্রীড়া কার্ডের সঙ্গে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, স্থায়ীভাবে কেউ এই ভাতা পাবেন না। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যয়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন খেলার মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই ভাতার আওতায় আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights