শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করে রাজশাহীর এই মাঠ, আর অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে শুরুটা খারাপ হলেও শেষ দিকে নাটকীয় ধস সামলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বল হাতে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন রিতু মনি, ৩৬ রানে নেন ৩ উইকেট। ব্যাট হাতে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন শারমিন আক্তার সুপ্তা, খেলেন ৮৬ রানের দারুণ ইনিংস।

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্রুতই ফিরে যান দুই ওপেনার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পরে সুপ্তা ও সোবহানা মোস্তারি তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। মোস্তারি ৪১ রান করে ইনজুরিতে মাঠ ছাড়েন।

এরপর সুপ্তা ও স্বর্ণা আক্তার আরও ৭৮ রান যোগ করে জয়কে সহজ করে তুললেও ৪৫তম ওভারে সুপ্তা (৮৬) আউট হলে হঠাৎ ভেঙে পড়ে বাংলাদেশ। মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে দল।

তবে শেষ পর্যন্ত সহ-অধিনায়ক নাহিদা আক্তার সুলতানা খাতুনকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে জয় নিশ্চিত করেন।

এর আগে শ্রীলঙ্কার হয়ে হানসিমা করুনারত্নে ৫৪ ও ইমেশা দুলানি ৫২ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার নেন ২ উইকেট।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই ভেন্যুতে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights