এক দশকের বেশি সময় পর অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

অনলাইন ডেস্ক

অ্যাপলের দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার অ্যাপল জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে কোম্পানির নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।

অ্যাপলের বিবৃতিতে বলা হয়, টিম কুক গ্রীষ্মকাল পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন যাতে নেতৃত্ব পরিবর্তন নির্বিঘ্নে সম্পন্ন হয়। এরপর তিনি অ্যাপলের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।

এক বিবৃতিতে কুক বলেন, অ্যাপলের মতো একটি অসাধারণ প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি জানান, এটি বিদায় নয়—বরং দায়িত্বের একটি রূপান্তর।

২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর পর টিম কুক অ্যাপলের সিইও হন। তার নেতৃত্বে অ্যাপল ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় এবং বিনোদন, স্বাস্থ্য ও ওয়্যারেবল প্রযুক্তির মতো নতুন খাতে বড় বিস্তার ঘটায়। আইফোনকে ঘিরে অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও অ্যাপল টিভি প্লাসের মতো পণ্য সফলভাবে গড়ে ওঠে। বর্তমানে অ্যাপলের সার্ভিস ব্যবসা আইফোনের পরই দ্বিতীয় বৃহত্তম ইউনিট।

তবে সাম্প্রতিক সময়ে ভার্চুয়াল রিয়ালিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অ্যাপলের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর। ভিশন প্রো এখনো সীমিত বাজারে রয়ে গেছে, আর সিরির বড় আপডেটও পিছিয়েছে।

নতুন সিইও জন টার্নাস ২০০১ সালে অ্যাপলে যোগ দেন। আইপ্যাড ও এয়ারপডস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নির্বাহী সর্বশেষ কমদামি ম্যাকবুক নিও উন্মোচনের নেতৃত্ব দেন। বিশ্লেষকদের মতে, বিশেষ করে এআই খাতে সফলতা দেখানোই নতুন নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights