হরমুজ প্রণালী অবরোধ বৈশ্বিক সমস্যায় পরিণত হবে: কাতারের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল।
পাকিস্তান পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয়। বরং আবার যদি যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত।
এই শান্তি আলোচনার জন্য পাকিস্তানের নেওয়া উদ্যোগের সমর্থনে উপসাগরীয় দেশ কাতার স্পষ্টভাবেই নিজের অবস্থান জানান দিচ্ছে।
কাতার জানিয়েছে, তারা উত্তেজনা প্রশমন এবং স্থায়ী শান্তি চায়, আর তাই ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসানোর জন্য পাকিস্তানের উদ্যোগকে তারা জোরালোভাবে সমর্থন করছে।
তবে কাতার এখানে একটি সূক্ষ্ম পার্থক্য টেনেছে, তারা এবার সরাসরি মধ্যস্থতা করছে না, বরং পর্দার আড়াল থেকে চলমান প্রক্রিয়াটিকে সমর্থন দিচ্ছে।
অর্থনৈতিকভাবে কাতার বলছে, হরমুজ প্রণালী অবরোধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করার মতো সক্ষমতা তাদের রয়েছে। তবে তারা সতর্ক করে দিয়েছে, এটি অব্যাহত থাকলে তা কেবল একটি আঞ্চলিক সমস্যা হয়ে থাকবে না, বরং বৈশ্বিক সমস্যায় পরিণত হবে।
সূত্র : আল-জাজিরা।
