মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযানে চালিয়ে বাংলাদেশিসহ আটক ৩৭

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার জোহর বারুর স্তুলাং লাউত এলাকায় একটি বিনোদন কেন্দ্রে গভীর রাতে অভিযান চালিয়ে ৩৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পরিচালিত এই অভিযানে জোহর অভিবাসন বিভাগের একটি বিশেষ দল অংশ নেয়। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্য এবং নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন জোহর অভিবাসন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস।

বিবৃতিতে জানানো হয়, মূলত অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং আশ্রয় দেওয়ার সন্দেহে ওই কেন্দ্রটিতে তল্লাশি চালানো হয়। আটককৃতদের মধ্যে ১৬ জন থাই নারী, ৩ জন ভিয়েতনামি নারী, ২ জন ফিলিপিনো নারী এবং ১ জন ফিলিপিনো পুরুষ রয়েছেন। এ ছাড়া আটক পুরুষদের মধ্যে ৩ জন বাংলাদেশি, ৩ জন পাকিস্তানি, ৩ জন ইন্দোনেশীয়, ৪ জন চীনা এবং ২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। আটককৃতদের বয়স ২০ থেকে ৫৩ বছরের মধ্যে এবং ধারণা করা হচ্ছে তারা ওই বিনোদন কেন্দ্রে কাস্টমার সার্ভিস অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্বরত এক মালয়েশীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মোহাম্মদ রুশদি জানান, এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে জনসাধারনের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সূত্র: দ্য স্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights