আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল
নিজস্ব প্রতিবেদক
‘গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছি আমার ভাতিজা নজরুল ইসলামকে হত্যা করেছেন জিয়াউল আহসান’। চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুমখুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আসামিপক্ষের জেরায় এমন দাবি করেছেন হাবিবুর রহমান মল্লিক নামে এক সাক্ষী। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী আমিনুল গণি টিটো।
এ মামলায় ২২ এপ্রিল জবানবন্দি দেন হাবিবুর রহমান মল্লিক। জবানবন্দি শেষে ওই দিনই তাকে জেরা শুরু করেন একমাত্র আসামি জিয়াউল আহসানের আইনজীবী। গতকাল দ্বিতীয় দিনে তার জেরা শেষ হয়। পরে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
জেরায় হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গোয়েন্দার মাধ্যমে জানতে পারলাম আমার ভাতিজাকে হত্যা করেছেন জিয়াউল আহসান।’ সাক্ষীর এ কথা অসত্য বলে দাবি করেন আইনজীবী টিটো। হাবিবুরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি এ কথা জবানবন্দিতে উল্লেখ করেননি। তদন্ত কর্মকর্তার শেখানো মতে আজ জিয়াউলের নাম বলেছেন।’ জবাবে সাক্ষী বলেন, ‘নজরুলের হত্যার পর আমাদের বাড়িতে গোয়েন্দার লোকেরা ঘনঘন আসতেন। একদিন তারা জানিয়েছেন, নজরুলকে হত্যা করেছে র্যাবের গোয়েন্দাপ্রধান জিয়াউল আহসান।’
হানিফসহ চার আসামির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ : চব্বিশের মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১১ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মাহবুব উল আলম হানিফ ছাড়াও এ মামলার পলাতক অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
শামীম ওসমানসহ ১২ জনের অভিযোগ গঠন প্রশ্নে আদেশ ৫ মে : চব্বিশের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনকে বিচারের মুখোমুখি করা হবে কি না, ৫ মে তা জানা যাবে। ওই দিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনে শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আদেশের এ দিন ধার্য করেন। নারায়ণগঞ্জে এক শিশুসহ ১০ জনকে হত্যা ও অসংখ্য আন্দোলনকারীকে হত্যাচেষ্টার অপরাধসহ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
