যে রেকর্ডে বোল্ট-ওয়াসিমদের ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা অবশেষে জিতেই নিল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কিউইদের পাত্তা দেয়নি টাইগাররা। ৫৫ রানের দাপুটে জয়ে ম্যাচের সাথে জিতে নিয়েছে সিরিজ। প্রথম ম্যাচে হারার পরের দুই ম্যাচে টানা দুই ম্যাচে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ড থামে ২১০ রানে। ফাইফার তুলেছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ খেললে নেমেই ৫ উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

এই নিয়ে ওয়ানডেতে ৬ষ্ঠবার ফাইফার পেলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ফাইফারের মালিক মুস্তাফিজ, বেশ আগে থেকেই। এবার সেই রেকর্ড আরও পোক্ত হলো ফিজের। বিশ্ব ক্রিকেট বিবেচনায় নিলে বাঁহাতি বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ফাইফারের রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে ছুঁয়ে ফেলেছেন মুস্তাফিজ। ৩ জনেরই ৬টি করে ফাইফার।

মুস্তাফিজের এই রেকর্ড ছুঁতে লেগেছে ১১৮ ম্যাচ। বোল্টের লেগেছে ১১৪ ম্যাচ, ওয়াসিম আকরামের লেগেছিল ৩৫১ ম্যাচ। এছাড়া মুস্তাফিজের অভিষেকের পর ৬ বার ওয়ানডেতে ফাইফার নেননি আর কেউ।

অন্যদিকে বাংলাদেশি পেসারদের মধ্যে ২ বার সিরিজসেরার পুরস্কার জিতে মাশরাফি বিন মুর্তজার পাশে বসেছেন নাহিদ রানা। মাশরাফি টানা ২ সিরিজে হতে পারেননি, নাহিদ টানা ২ সিরিজে হয়েছেন।

৯ বার ফাইফার নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক রয়েছেন চূড়ায়। এখনও বেশ ভালো ফর্মে থাকা ফিজের সামনে স্টার্ককে ছোঁয়ার এবং ছাড়িয়ে যাওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights