সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জন ‌‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় এই রক্তক্ষয়ী অভিযান পরিচালনা করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আজ শুক্রবার এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেশটির নিরাপত্তা বাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থাগুলো এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২২ জন সশস্ত্র সন্ত্রাসী প্রাণ হারায়।

তবে এই অভিযানের সময় এলোপাথাড়ি গুলিতে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে নিষ্পাপ ওই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এই অঞ্চলে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে।

ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাসীরা প্রতিবেশী দেশটিতে নিরাপদ আশ্রয় গ্রহণ করছে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: টিআরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights