বাউবির এসএসসি পরীক্ষা শুরু, উপাচার্যের সন্তোষ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার সকালে তিনি কেন্দ্রের বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, শুধু সনদ প্রদান নয়, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাও তাদের লক্ষ্য।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে শুক্রবার বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬ শুরু হয়। সারা দেশের ১৭০টি কেন্দ্রে সকাল ও বিকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাউবির পক্ষ থেকে কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে। আঞ্চলিক পর্যায়েও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একই দিনে বাউবির অন্যান্য প্রোগ্রামের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত স্কুল অব ল-এর চার বছর মেয়াদি এল.এল.বি (অনার্স) প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৭৬ জন ভর্তিচ্ছু। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ (অনার্স) ও বিএসএস (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯০ পরীক্ষার্থী।

এদিকে, রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের পাঠানো প্রেস বার্তায় জানানো হয়, পায়রাবন্দ বেগম স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনই তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। বাউবি কর্তৃপক্ষ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের কোর্স ফি ৬০ শতাংশ মওকুফ করেছে। এতে তারাও সাধারণ শিক্ষার্থীদের মতো শিক্ষার মূল ধারার ফিরে আসার সুযোগ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights