গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা, প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং আর্মি ফার্মা, জেনট্রি ফার্মা, ব্রিজ বায়োসায়েন্স বিডি, ইনসেপ্টা, নাভানা ফার্মা, সেঞ্চুরি, কেমিস্ট এবং অ্যাবন ফার্মার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে দিবসটির তাৎপর্য ও ভেটেরিনারি পেশার বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’, যা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের অপরিহার্য অবদানকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিভ্রমণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমুখী দায়িত্ব ও অবদান তুলে ধরেন।

পরে ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. তৈমুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব ভেটেরিনারি দিবস, যা প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights