জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২ নভেম্বর পালনের ঘোষণা জবি উপাচার্যের

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয় ২ নভেম্বর এবং প্রতিষ্ঠা হয় ২০ অক্টোবর। এ প্রেক্ষিতে আগামী বছর থেকে জবি দিবস ২ নভেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে সংগীতশিল্পী জেমসকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জবির সঙ্গে সম্পৃক্ত সবাই এ আয়োজনে একত্রিত হবেন।

তিনি আরও জানান, জবি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য বলেন, একজন অভিভাবকের কাছে সন্তানের সাফল্যই সবচেয়ে বড় আনন্দ। শিক্ষার্থীদের অগ্রগতিতে তিনি গর্বিত এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, জবি একটি পরিবার হিসেবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights