ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে ফিরতে হবে: চট্টগ্রামের ডিসি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।
আজ রবিবার আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
