পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসক সংকট, সেবা না পেয়ে ফিরছেন রোগীরা
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও ‘অতিরিক্ত দায়িত্ব’ পালনের কারণে চিকিৎসাসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নিয়মিত চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে (আউটডোর) দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসকের দেখা পাচ্ছেন না রোগীরা। অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ উন্নত চিকিৎসার আশায় ঠাকুরগাঁও সদর বা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল আহমেদের বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএইচএফপিও ডা. আবুল বাশার মোহাম্মদ সাইদুর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সদর থেকে পীরগঞ্জের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় দুই জায়গার দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
অতিরিক্ত দায়িত্বের কারণে তিনি সপ্তাহে মাত্র দু-একদিন হাসপাতালে আসতে পারছেন বলে জানা গেছে। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের ভোগান্তি বাড়ছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, চিকিৎসক সংকট ও অতিরিক্ত দায়িত্বের চাপে হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে ডা. আবুল বাশার মোহাম্মদ সাইদুর বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দূরত্ব বেশি হওয়ায় প্রতিদিন যাতায়াত সম্ভব হচ্ছে না। এছাড়া তিনি নিজেও অসুস্থ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিসুর রহমান জানান, চিকিৎসক সংকটের বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, হাসপাতালের বিদ্যুৎ সমস্যাও নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
