নিউইয়র্কে উড়ল বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে ১০ মিনিটে!

অনলাইন ডেস্ক

নিউইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রথমবারের মতো একটি সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সফল পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়েছে। সড়ক পথের দীর্ঘ যানজট এড়িয়ে এই প্রযুক্তির মাধ্যমে কয়েক ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে পাড়ি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জোবি এভিয়েশন গত শুক্রবার এই সফল উড্ডয়ন সম্পন্ন করে। এটি একটি ইভিটিওএল প্রযুক্তির যান, যা বৈদ্যুতিকভাবে হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে সক্ষম। এই সপ্তাহেও তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নিউইয়র্ক সিটিতে জোবি এভিয়েশনের পয়েন্ট-টু-পয়েন্ট ইলেকট্রিক এয়ার ট্যাক্সি ফ্লাইটগুলো দেখিয়েছে যে, স্বল্প দূরত্বের শহরে আকাশপথে ভ্রমণের ধারণাটি এখন কল্পনা থেকে পরীক্ষামূলক বাস্তবে পরিণত হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, ফ্লাইটগুলো জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরকে ম্যানহাটনের হেলিপোর্টগুলোর সাথে ১০ মিনিটেরও কম সময়ে সংযুক্ত করেছে এবং এই রুটগুলো বাণিজ্যিক পরিষেবার অংশ হতে পারে।

আগামী এক সপ্তাহে, জোবি-এর বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নিউইয়র্কে চলাচলে আরও শান্ত, পরিবেশবান্ধব ও দ্রুত উপায় প্রদর্শন করবে। এটি নিউইয়র্ক সরকার এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় পরিচালিত হবে।

নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি একস্থান থেকে অন্যস্থানে (পয়েন্ট-টু-পয়েন্ট) ইভিটিওএল ফ্লাইট চালু করা হবে, যা জেএফকে বিমানবন্দর থেকে ম্যানহাটনের হেলিপোর্ট নেটওয়ার্কে মাত্র কয়েক মিনিটে পৌঁছে দেবে। নির্মাতা প্রতিষ্ঠান জোবি এর মাধ্যমে দেখাতে চাইছে, ওই অঞ্চলের বিদ্যমান অবকাঠামোর সঙ্গে তারা কীভাবে নিজেদের সার্ভিস সংযুক্ত করতে আগ্রহী। সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights