অল্প সময়েই পাম্পে মিলছে তেল
অনলাইন ডেস্ক
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পরে থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গাড়ির লম্বা লাইন দেখা গেছে। রাত থেকে সকাল পর্যন্ত জ্বালানি তেলের অপেক্ষা করতে হয়েছে মানুষকে। তবে আজ ভিন্ন চিত্র দেখা গেল।
রাজধানীর পাঁচটি ফিলিং স্টেশন ঘুরে জ্বালানি তেলের জন্য কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। কোথাও ২টি, কোথাও ৫ থেকে ১০টি যানবাহন লাইনে জ্বালানি তেলের অপেক্ষায় ছিল। অল্প সময় অপেক্ষার পরই তেল পাচ্ছেন গ্রাহকেরা। পরিস্থিতি প্রায় স্বাভাবিক বলছেন তারা।
আজ মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত, বিমানবন্দর এরিয়া, রামপুরা, বাড্ডা, মতিঝিল, শহীদবাগ, আরামবাগ, মৎস্য ভবন এলাকার ফিলিং স্টেশনগুলোতে এ রকম অবস্থা দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দর এরিয়ায় তেলের জন্য লাইনে আর কোনো মোটরসাইকেল নেই। কয়েক দিন আগেও এই ফিলিং স্টেশনে সকালের এই সময়ে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের লম্বা লাইন ছিল। আজ দেখা গেছে, চার/পাঁচটি প্রাইভেট কার তেল নিচ্ছে।
রাজধানীর নীলক্ষেত ফিলিং স্টেশনের কর্মচারী মোজাম্মেল হক জানান, পাম্পে এখন কোন ভীড় নেই। মানুষের ভোগান্তি কমেছে। আমরাও খুব দ্রুত তেল দিতে পারছি।
