ট্রাম্পের প্রত্যাখ্যানের পর সংশোধিত শান্তি প্রস্তাব দিচ্ছে ইরান, অপেক্ষায় মধ্যস্থতাকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানে আগামী কয়েক দিনের মধ্যে তেহরানের পক্ষ থেকে একটি সংশোধিত শান্তি প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সংশ্লিষ্ট সূত্রগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর এখন নতুন এই প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন মধ্যস্থতাকারীরা।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফর শেষ করে আজই তেহরান ফিরেছেন এবং তিনি দেশটির নীতিনির্ধারকদের সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

তবে তেহরানের এই আলোচনা প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে। সূত্রমতে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান অত্যন্ত গোপন রাখা হয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন হয়ে পড়েছে, যা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর আগে গত সপ্তাহে ইরানের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে যুদ্ধ আগে বন্ধ করার এবং পরমাণু কর্মসূচির মতো জটিল ইস্যুগুলো পরে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরুতেই সেই প্রস্তাব নাকচ করে দিয়ে পরমাণু ইস্যুতে কঠোর শর্তারোপ করেছেন।

বর্তমানে পুরো বিষয়টি একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চূড়ান্ত শান্তিচুক্তি হবে কি না, তা মূলত নির্ভর করছে ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তার ওপর।

এদিকে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, ইরান বর্তমানে ‘ভেঙে পড়ার’ উপক্রম হয়েছে। তার মতে, তেহরান এখন নিজেদের নেতৃত্ব নিয়ে চরম বিড়ম্বনায় আছে এবং এই সংকটকালীন সময়ে তারা যেকোনো মূল্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত দেখতে চায়। আন্তর্জাতিক মহলে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে, নতুন এই প্রস্তাব যুদ্ধের সমাপ্তি টানবে নাকি সংঘাত আরও দীর্ঘায়িত হবে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights