এনইউবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এনইউবি সেন্ট্রাল ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভুক্ত সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব।
সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) এনইউবি ক্যাম্পাসে এই বন্ধুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের বিতর্ক সম্পাদকসহ তিনজনের একটি দল অংশ নেয়।
এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিপাদ্যে সরকার দল হিসেবে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব এবং বিরোধীদল হিসেবে এনইউবি সেন্ট্রাল ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব অংশগ্রহণ করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেই এই আয়োজন করা হয়। বিতর্ক চর্চা, সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন থাকা এবং জাতীয় পর্যায়ের বিতার্কিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সম্প্রতি যাত্রা শুরু করেছে এনইউবি সেন্ট্রাল ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব।
এ বিষয়ে এনইউবি ক্লাবের প্রেসিডেন্ট ইয়াসিন মুহাম্মদ বলেন, ২০২৬ সালে আমাদের লক্ষ্য ১৫টিরও বেশি ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং কৃতিত্ব অর্জন করা।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবরার হোসেন বলেন, স্কিল ডেভেলপমেন্টে অনুশীলনের বিকল্প নেই। সেই লক্ষ্যে ভালো মানের বিতার্কিক তৈরি এবং জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের জন্য আমাদের এই আয়োজন। আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
