নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে, যা এই জলপথটি পুনরায় সচল করার মার্কিন প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের দুই মাস পেরিয়ে গেলেও বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে তারা এই জলপথটি আটকে রেখেছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights