পাহাড়ি ঢলে ভেঙে গেল সংযোগ সড়ক, কসবা-আখাউড়া যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ভারতীয় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (ডাইভারশন) ভেঙে যাওয়ায় কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামে একটি সেতুর নির্মাণকাজ চলছিল। এ সময় যান চলাচল সচল রাখতে পাশেই একটি অস্থায়ী ডাইভারশন সড়ক নির্মাণ করা হয়। তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ডাইভারশনটি ভেঙে যায়।
এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বর্তমানে আখাউড়া থেকে কসবায় বা কসবা থেকে আখাউড়ায় যাতায়াত করতে হলে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ডাইভারশনটি মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, পাহাড়ি ঢলে ডাইভারশন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসনের জানা রয়েছে। দ্রুত সড়কটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
