১১ দিন পর দেশে ফিরল প্রবাসী রনির মরদেহ, দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি:

জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি দেওয়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা মো. রনি মিয়া (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১১ দিন পর তার মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২ মে) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, উপজেলার দিঘীরপাড় পালাপাড়া গ্রামের বাসিন্দা রনি গত ২১ এপ্রিল রিয়াদ-এ সড়ক দুর্ঘটনায় মারা যান। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ দেশে পৌঁছায়। রাতে বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার সকাল ১০টায় সদর ইউনিয়নের দিঘীরপাড় পালাপাড়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

নিহত রনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্ত্রী দিলরুবা আক্তারও স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না। তাদের দুই সন্তান—সুমাইয়া আক্তার (৭) ও মুফাসিনা আক্তার (৩)—এখনো পুরো বিষয়টি বুঝে উঠতে পারেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভাবের সংসারে স্বস্তি ফেরাতে ২০২৪ সালে প্রথম সৌদি আরবে যান রনি। পরে দুর্ঘটনায় আহত হয়ে দেশে ফিরে এলেও ২০২৫ সালের অক্টোবরে আবার প্রবাসে যান। কিন্তু দ্বিতীয়বারের সেই যাত্রাই তার জীবনের শেষ হয়ে দাঁড়ায়।

নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, নিহতের পরিবারের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights