বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা

বাসস

দেশে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষায় তিনটি নির্দেশনা পালনের পরামর্শ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)।

নির্দেশনাগুলো হলো- খোলা আকাশের নিচে কাজ করার সময় আকাশে কালো মেঘ দেখলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, বৃষ্টির সময় কোনো অবস্থাতেই গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং মাঠে কাজের সময় পায়ে জুতা ব্যবহার করা।

আজ এসএসটিএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির তথ্যমতে, দেশে বজ্রপাতে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই কৃষক। সর্বশেষ গত ২৬ এপ্রিল বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি ঘটে। চলতি বছর এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই মাঠে কর্মরত কৃষক।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণ জরুরি। পাশাপাশি মার্চ থেকে জুন পর্যন্ত নিয়মিত বজ্রপাত বিষয়ে সচেতনতা কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে নির্বিচারে বড় গাছ কেটে ফেলার কারণে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে। গাছের নিচে আশ্রয় না নিয়ে পাকা স্থাপনায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights