চলচ্চিত্র মানুষের চিন্তাধারা গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী
জাবি প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাধারা ও মনোজগৎ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। একটি সৃষ্টিশীল কাজ—হোক তা চলচ্চিত্র বা বই—মানুষের চিন্তায় গভীর প্রভাব ফেলতে পারে।
সোমবার দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সত্যজিৎ রায় উৎসব–২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ইতিহাস ঐতিহ্য পরিষদ ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের যৌথ উদ্যোগে, বিশ্ববিদ্যালয়ের সিনে সোসাইটির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, যোগাযোগ ও সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমাজে মানুষের মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের কাজের মাধ্যমে মানুষের চিন্তার কাঠামো তৈরি হয় এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্ম হয়। তবে সৃষ্টিশীল নির্মাণে নির্দিষ্ট কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উপমহাদেশের ইতিহাস, বিশেষ করে ১৯৪৭ সালের দেশভাগ সাহিত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। তবে এ প্রভাব যেন চিন্তার স্বাধীনতাকে সীমাবদ্ধ না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং সমালোচনামূলক চিন্তাকে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক বিধান রিবেরু বলেন, বর্তমান সময়েও সত্যজিৎ রায়ের কাজ অত্যন্ত প্রাসঙ্গিক।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার শ্রী পাওয়ান বঢ়ে, জাবির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ, চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল এবং অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ প্রমুখ।
