পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিসরীয় রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও মিসরের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান দ্বি-পক্ষীয় সম্পর্ককে পুনর্ব্যক্ত করেছেন।

প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীকে আতিথেয়তা দেওয়ার জন্য মিসর সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করার সাম্প্রতিক সিদ্ধান্তের জন্য মিসর সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধ, কৃষি, পাট এবং জনশক্তিখাতে। প্রতিমন্ত্রী সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগসহ সব খাতে সহযোগিতা আরও জোরদার করার জন্য মিসরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পাশাপাশি জ্বালানি, কৃষি ও সাংস্কৃতিকখাতে সহযোগিতার কথাও উল্লেখ করেন। তিনি বাংলাদেশের প্রতি মিশরের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা মওকুফ চুক্তিসহ জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন এবং অংশীদারত্বকে আরও গভীর করতে নিয়মিত দ্বি-পক্ষীয় আলোচনা ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি মিসরের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights