‘মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের উৎসাহ দেওয়া হয়েছে’

অনলাইন ডেস্ক

মন্ত্রণালয় থেকে নেওয়া সরকারি সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নে ডিসিদের উৎসাহ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা বিভিন্ন বিষয়ে তাদের উদ্বেগ ও প্রশ্ন তুলে ধরেছেন। এর মধ্যে ছিল সাইবার নিরাপত্তার বর্তমান অবস্থা, ডাক বিভাগের কার্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রগতি এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। তিনি জানান, ডাক বিভাগ এখন আগের তুলনায় অনেক বেশি কার্যকর ভূমিকা রাখছে। সাম্প্রতিক নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় ডাক বিভাগের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসিরা মাঠপর্যায়ের বাস্তবায়নকারী কর্মকর্তা। মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে, আর সেই নীতিমালার বাস্তবায়ন করেন জেলা প্রশাসকরা। তাদের নতুন সরকারের কর্মকৌশল বাস্তবায়নে উৎসাহ দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সফল দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার এবং জেলা পর্যায়ে গুজব প্রতিরোধে ফ্যাক্ট-ফাইন্ডিং সেন্টার স্থাপনে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights