হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন শিপিং রুট ‘পাথুরে ও ঝুঁকিপূর্ণ’, সতর্কতা ইরানের

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান ও ওমানের মধ্যদিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ এই জলপথ প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ‘জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার’ আটকে পড়া জাহাজগুলোকে ওমানের জলসীমা ব্যবহার করে যাতায়াতের পরামর্শ দিচ্ছে। তারা জানিয়েছে, সেখানে একটি ‘উন্নত নিরাপত্তা অঞ্চল’ তৈরি করা হয়েছে।

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই সমুদ্রপথ ব্যবহারের চেষ্টা করা দু’টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে আটকা পড়ে আছে।

ফার্স নিউজ এজেন্সিকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ‘জ্ঞাত সূত্র’ জানিয়েছে, ‘ওমান উপকূলের কাছের জলসীমা অত্যন্ত পাথুরে এবং জাহাজগুলো ওই অংশ থেকে বের হতে বা ফিরে আসতে সক্ষম হচ্ছে না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মুসান্দাম এবং আল-খাইল দ্বীপের নিকটবর্তী হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্য সামুদ্রিক করিডোর হওয়ার উপযোগী নয়। এই পাথুরে এবং অগভীর দক্ষিণ অঞ্চল দিয়ে জাহাজ চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights