আমিরাতকে যে ‘বার্তা’ দিতে তেল স্থাপনায় হামলা: আল-জাজিরার বিশ্লেষণ
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত গুরুত্বপূর্ণ ফুজাইরাহ তেল স্থাপনায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ফুজাইরাহ-এর ওই তেল স্থাপনায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহত তিন ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক জানিয়েছেন, এই হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ফুজাইরাহ অঞ্চলটি আমিরাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র।
তিনি উল্লেখ করেন, এই শিল্পাঞ্চলে অবস্থিত হাবশান–ফুজাইরাহ তেল পাইপলাইন দেশটির জ্বালানি অবকাঠামোর অন্যতম প্রধান অংশ।
বিশ্লেষকদের মতে, এই পাইপলাইনটি আমিরাতের মোট তেল রফতানির প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ বহন করে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো, এটি ওমান উপসাগর উপকূলে অবস্থিত, যার ফলে তেল পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হয়।
নাতাশা তুরাক বলেন, এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে তা একটি স্পষ্ট বার্তা বহন করে। তার ভাষায়, “ইরান যেন আমিরাতকে জানাতে চাচ্ছে- তোমরা যদি মনে কর হরমুজ প্রণালী এড়িয়ে নিরাপদে তেল রফতানি করতে পারবে, তবে আমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রেও আঘাত হানতে সক্ষম।”
তবে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি ইরান সরকার। দেশটির পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক তেলবাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ফুজাইরাহর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র লক্ষ্যবস্তু হলে তা শুধু আমিরাত নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্যও একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও সম্ভাব্য প্রতিক্রিয়া এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
