নিখোঁজের ২২ দিন পর জঙ্গলে মিলল অর্ধগলিত লাশ
সাভার প্রতিনিধি
সাভারে নিখোঁজের ২২ দিন পর শাজাহান হোসেন নামে একব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত মাসের ১২ তারিখে শাজাহান গাজীপুর থেকে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।বিকেলে কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি শাজাহান হোসেনের বলে নিশ্চিত করেছে ছেলে শরিফুল ইসলাম।
ময়না তদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় সাভার মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
