হরমুজ পার হয়েছে তিন মার্কিন ডেস্ট্রয়ার: ট্রাম্প

অনলাইন ডেস্ক

আক্রমণের মুখেও মার্কিন নৌবাহিনীর তিনটি বিশ্বমানের ডেস্ট্রয়ার অত্যন্ত সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘তিনটি ডেস্ট্রয়ারের কোনো ক্ষতি হয়নি, উল্টো ইরানি আক্রমণকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি দাবি করেন, মার্কিন ডেস্ট্রয়ারগুলো লক্ষ্য করে ছোড়া মিসাইলগুলো সহজেই ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলোকে আকাশেই ভস্মীভূত করা হয়েছে।

ডেস্ট্রয়ারগুলোর ক্রুদের প্রশংসা করে ট্রাম্প বলেন,‘আমাদের তিনটি ডেস্ট্রয়ার তাদের চমৎকার ক্রুসহ এখন আবার আমাদের নৌ অবরোধে যোগ দেবে।’

এর আগে ইরান দাবি করেছিল যে তাদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে গেছে। ট্রাম্পের এই বক্তব্য ইরানের সেই দাবিকে সরাসরি নাকচ করে দিল।

উল্লেখ্য, ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে।

ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। এই অভিযানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরণের ক্ষমতাসম্পন্ন ড্রোন ব্যবহার করেছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উসকানিমূলক আক্রমণগুলো তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সেন্টকমের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা উত্তেজনা চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে।

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিপরীতে এটিই তেহরানের প্রথম সামরিক প্রতিক্রিয়া।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights