নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুরপাড়ে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নিখোঁজের দুইদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার মরদেহ পাওয়া যায়।

ফাহিমা আক্তার (৪) নামের ওই শিশু সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারের একটি ডেকোরেটার্সের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।

দুইদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, মরদেহে পচন ধরেছে, এতে মনে হচ্ছে, নিখোঁজের দিনই শিশুটি মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights