হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলায় দক্ষিণ কোরিয়ার তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি কোরীয় পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এই হামলার ঘটনাকে গুরুতর হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর (ব্লু হাউস)।

ব্লু হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ দল ইতোমধ্যে জাহাজটির ক্ষয়ক্ষতি পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে তারা জাহাজের পেছনের বাম দিকের অংশে ক্ষতির চিহ্ন শনাক্ত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালিতে গত সপ্তাহে এই ঘটনাটি ঘটে। সেখানে ‘নামু’ নামক পানামার পতাকাবাহী কার্গো জাহাজে বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন ধরে যায়।

জানা গেছে, জাহাজটি পরিচালনা করছিল দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএম। ঘটনার পর জাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঘটনার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights